প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১১
ফুলবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশের ভূখন্ডের অভ্যন্তরে অবস্থিত ভারতের শতাধিক ছিটমহলের অধিবাসীরা শুক্রবার মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে তারা নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র্যালি, খেলাধূলা, পুরস্কার বিতরন ও সমাবেশ।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্তের ৯৪০ এবং ৯৪১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে বাংলাদেশের ভূখন্ডের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে নীলকোমল নদীর ধারে ভারতের দাশিয়ারছড়া ছিটমহলের কালিরহাট বাজারে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবস পালনের কর্মসূচি শুরু করা হয়।
এখানে আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মইনুল হক, হাসেন আলী ও নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও এখানে খেলাধূলা, পুরস্কার বিতরন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ভারত-বাংলাদেশের ছিটবাসীরা মানবেতর জীবন-যাপন করছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় বাস্তবায়ন ছাড়া আর কোন বিকল্প নেই। এই আন্দোলনের অংশ হিসেবে শক্রবার কুড়িগ্রামের দাশিয়ার ছড়াসহ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
সংবাদ শিরোনাম
ফটো এ্যালবাম
ভিডিও