প্রকাশিত: ফেব্রুয়ারী ২৪, ২০১২
প্রহলাদ মন্ডল সৈকত:
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্নপত্র বাইরে সরবরাহ করার দায়ে কুড়িগ্রামের রাজারহাটে ম্যাজিষ্ট্রেট ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালত বহিস্কারকৃতদের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে উলিপুর থেকে আসা পরীক্ষার্থী সুলতানা পারভীন (রোল ১৩৭৫), তহমিদা বেগম (রোল ২২) ও মনি সরদার (রোল ২৬৮৪) মোবাইল ফোনে প্রশ্নপত্র বাইরে সরবরাহ করার সময় রাজারহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাহেনুল ইসলাম তাদেরকে হাতে-নাতে আটক করে।
পরে রাজারহাট থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহেনুল ইসলাম পৃথক পৃথকভাবে তাদের কাছ থেকে ১ হাজার টাকা জরিমান আদায় করে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।